দেশজুড়ে হামের বিস্তার ঠেকাতে সরকার ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালু করেছে।
এ কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি জানান, প্রাথমিক ধাপে নির্ধারিত ৩০টি উপজেলায় এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে আরও এলাকায় সম্প্রসারণ করা হবে।
উদ্বোধনের দিন দেশের কয়েকটি কেন্দ্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি তদারকি করছেন। অন্য উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনের নেতৃত্বে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, বর্তমানে যারা হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের এই মুহূর্তে টিকা দেওয়া হচ্ছে না। তারা সুস্থ হওয়ার পর টিকা পাবে। তিনি আরও জানান, যেসব এলাকায় সংক্রমণ বেশি, সেখানে পর্যায়ক্রমে এই কর্মসূচি সম্প্রসারিত হবে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ কর্মসূচি সফল করতে অভিভাবকদের সক্রিয় সহযোগিতাও কামনা করা হয়েছে।
প্রথম ধাপে যেসব উপজেলায় টিকাদান কার্যক্রম চলছে, তার মধ্যে রয়েছে—রাজশাহীর গোদাগাড়ী, ঢাকার নবাবগঞ্জ, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ঝালকাঠির নলছিটি, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, চাঁদপুরের হাইমচর ও সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা, গাজীপুর সদর, নেত্রকোনার আটপাড়া, শরীয়তপুরের জাজিরা, বরগুনা সদর, মাদারীপুর সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট, নাটোর সদর এবং যশোর সদর উপজেলা।
এসআর