[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

ইবিএল চেয়ারম্যানের বিরুদ্ধে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

সাইদুর রহমান

প্রকাশিত: ৪ মার্চ ২০২৬ ১:০৪ এএম

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)-এর চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রায় আট হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সঙ্গে তার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য গোপনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

অনুসন্ধানের অংশ হিসেবে সিটি ব্যাংকের কাছে শওকত আলী চৌধুরী, তার স্ত্রী তাসমিয়া আম্বরীন, মেয়ে জারা নামরীন এবং ছেলে জারান আলী চৌধুরীর নামে থাকা সব ব্যাংক হিসাব, লেনদেনের বিবরণ ও ঋণসংক্রান্ত নথিপত্র চাওয়া হয়েছে। দুদকের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজ ভাঙা শিল্পের আড়ালে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিদেশ থেকে জাহাজ আমদানির কথা বলে এলসি খোলা হলেও বাস্তবে জাহাজ দেশে না এসে বিপুল অঙ্কের অর্থ বিদেশে স্থানান্তরিত হয়েছে—এমন প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। ‘এস এন করপোরেশন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ সরানো হয়েছে কি না, তা-ও যাচাই করা হচ্ছে। এ বিষয়ে এলসি কপি, বিল অব এন্ট্রি এবং সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র তলব করা হয়েছে।


এছাড়া, শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলের সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব থাকার অভিযোগও তদন্তাধীন।

 

ব্যাংকিং বিধিমালা অনুযায়ী তথ্য গোপন করে দ্বৈত নাগরিকত্ব রেখে ব্যাংকের চেয়ারম্যান পদে থাকা গুরুতর আইনগত প্রশ্নের জন্ম দিতে পারে। অভিযোগ রয়েছে, বিদেশে শেল কোম্পানি ব্যবহার করে সম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও এই নাগরিকত্ব কাজে লাগানো হয়েছে।

 

দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অভিযোগগুলো প্রমাণিত হলে মানি লন্ডারিং আইনে মামলা দায়েরসহ কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। বর্তমানে সংশ্লিষ্ট একাধিক আর্থিক প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই চলছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর