সারাদেশে শীতের প্রকোপ কিছুটা হ্রাস পেলেও দেশের উত্তরাঞ্চলে পরিস্থিতি এখনও ভিন্ন রকম রয়েছে।
এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগের কিছু এলাকায় আজ সন্ধ্যার পর হালকা বৃষ্টি হতে পারে।
বুধবার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের দু–একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাব উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
এই আবহাওয়াগত পরিস্থিতির কারণে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এসআর
মন্তব্য করুন: