ঢালিউডের পরিচিত মুখ পূজা চেরি ও আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘নাকফুলের কাব্য’ আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। দুই বছর আগে কাজ শুরু হলেও নানা কারণে আটকে ছিল সিনেমাটি। ২০২৪ সালে
সেন্সর ছাড়পত্র পাওয়ার পর অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড এর মুক্তির তারিখ চূড়ান্ত করেছে।
আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি আদতে এই জুটির প্রথম কাজ হলেও, এর আগে তাদের অভিনীত ‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমা দুটি মুক্তি পেয়ে দর্শকপ্রিয়তা পেয়েছে। শুরুতে সিনেমাটির নাম ‘নাকফুল’ রাখা হলেও একই নামের আরেকটি সিনেমা নিবন্ধিত থাকায় সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করে ‘নাকফুলের কাব্য’ রাখা হয়।
গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত এই সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন ফেরারি ফরহাদ। এতে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের গল্প ফুটে উঠেছে। পূজা-আদর ছাড়াও এতে অভিনয় করেছেন আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ ও গাজী রাকায়েতসহ আরও অনেকে। দীর্ঘ প্রতীক্ষার পর সিনেমাটির মুক্তি নিয়ে দর্শক ও সংশ্লিষ্টদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
এসআর