ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর জীবনভিত্তিক সিনেমা নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে।
বহুল আলোচিত এই বায়োপিকের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও।
বুধবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, ছবির শুটিং শুরু হয়েছে এবং এতে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। পোস্টে তিনি ‘দাদা’ চরিত্রে অভিনয়ের যাত্রা শুরুর কথা উল্লেখ করেন।
জানা গেছে, সিনেমাটির নাম রাখা হয়েছে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’। ছবিটি প্রযোজনা করছেন লভ রঞ্জন এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানে।
এই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে গিয়ে রাজকুমার রাওকে শারীরিকভাবে বেশ পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়েছে। আগের একটি প্রজেক্টের জন্য বাড়তি ওজন নেওয়ার পর এখন তাকে আবার ফিট হয়ে গাঙ্গুলীর আদলে নিজেকে গড়ে তুলতে হচ্ছে।
অভিনেতা জানিয়েছেন, এবার তার মূল লক্ষ্য হলো গাঙ্গুলীর খেলার ধরন, ব্যক্তিত্ব এবং মাঠের বাইরের উপস্থিতি যতটা সম্ভব বাস্তবসম্মতভাবে তুলে ধরা।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ছবিটি চলতি বছরের শেষ ভাগে বা আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: