ভারতের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
জানা গেছে, ২৩ মার্চ শুটিং শেষ করে নিজের ওয়াগন-আর গাড়িতে বাড়ি ফিরছিলেন তিনি। পথে জয়পুরের মানসরোবর এলাকায় একটি মোড় ঘোরার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে এবং সেটি উল্টে যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে শিপরা পথ রোডে নগর নিগম কার্যালয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দ্রুতগতির গাড়িটি আঘাত করার পর তিনি গুরুতর আহত হন, বিশেষ করে মাথায় মারাত্মক চোট পান।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হর্ষিল কালিয়া অভিনয়ের পাশাপাশি মডেলিং ও সংবাদ উপস্থাপনায়ও কাজ করেছেন। তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে পড়াশোনা করেন এবং ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় নৃত্য কত্থকে প্রশিক্ষণ নেন।
অভিনয়ে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। এছাড়া ‘হাট পাগলি’সহ বিভিন্ন মিউজিক ভিডিওতেও তার উপস্থিতি ছিল।
মডেলিং জগতে ২০২১ সালে ‘মিস ডিভা রাজস্থান’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হন এবং ‘মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নেন তিনি।
এসআর
মন্তব্য করুন: