অভিনেতা যাহের আলভী–র স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা–র মৃত্যুকে ঘিরে চলমান আলোচনার মধ্যেই নতুন বিতর্ক তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সাইবার বুলিং ও হুমকির মুখে পড়ে এবার আইনের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিনেত্রীর দাবি, সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে অপমানজনক মন্তব্য, কটূক্তি এবং নানা ধরনের হয়রানি করা হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার নামে ভুয়া ছবি তৈরি ও প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিথির ভাষ্য অনুযায়ী, তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং গুরুতর হুমকিও দেওয়া হয়েছে। এসব কারণে তিনি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার বাসার ঠিকানাও প্রকাশ করা হয়েছে, যা তার পরিবারের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছেন এই অভিনেত্রী।
এ বিষয়ে তিনি ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন এবং সংশ্লিষ্ট সব তথ্য ও প্রমাণ তাদের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: