[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয় রুটে বিমানের ফ্লাইট বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ৪:২১ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে আগামী ৮ মার্চ পর্যন্ত ওই অঞ্চলের বিভিন্ন গন্তব্যে সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমান কর্তৃপক্ষ ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানায়।

সংস্থাটি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে তাদের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল বন্ধ ছিল; নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

যেসব গন্তব্যে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে সেগুলো হলো—সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বাতিল হওয়া ফ্লাইটের নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।


জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিরাপত্তা উদ্বেগ তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে।


পরিসংখ্যান অনুযায়ী, এই পরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।


বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর