আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকি তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’ নিয়ে আসছে।
সিরিজটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান। এটি পরিচালনা করেছেন নির্মাতা শিহাব শাহীন।
বুধবার (৪ মার্চ) দুপুরে প্রকাশ করা হয়েছে সিরিজটির টিজার। টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ এতে ভিন্নধর্মী এক অ্যাকশন লুকে দেখা গেছে মেহজাবীনকে, যা তার আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা।
সিরিজে নিজের চরিত্র প্রসঙ্গে মেহজাবীন জানান, এখানে তার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ও আগ্রহ জাগানিয়া। এই কাজের মাধ্যমে প্রথমবারের মতো বড় পরিসরে অ্যাকশন দৃশ্যে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তার। তিনি বলেন, অ্যাকশন ডিরেক্টর এডওয়ার্ড ও তার টিমের কাছ থেকে স্বল্প সময়েই অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন।
সাধারণত নাটক বা রোমান্টিক গল্পের চরিত্রে বেশি দেখা গেলেও ‘ক্যাকটাস’-এর টিজারে তাকে বেশ সাহসী ও মারকুটে চরিত্রে দেখা গেছে। এই নতুন অবতারে তার উপস্থিতি ইতোমধ্যে সামাজিকমাধ্যমে দর্শকদের দৃষ্টি কেড়েছে।
অন্যদিকে সিরিজটির গল্পে মানসিভ নামে এক দক্ষ হ্যাকার চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। টিজারে তাকে একজন বন্দি হিসেবে দেখা গেলেও দেশের একটি বিশেষ পরিস্থিতি মোকাবিলায় তাকে আবারও হ্যাকিংয়ের জগতে ফিরে আসতে হয়।
প্রীতম জানান, তার চরিত্রটির একটি দীর্ঘ যাত্রা ও নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।
‘ক্যাকটাস’ সিরিজে আরও অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দ্যোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু ও সানজিদা তাসনীমসহ আরও অনেকে।
এসআর
মন্তব্য করুন: