[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

শুটিং সেটে সহশিল্পীকে আঘাতের অভিযোগ, মুখ খুললেন সামিয়া অথৈ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মার্চ ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

ছোট পর্দার দুই অভিনেত্রীকে ঘিরে শুটিং সেটে উত্তেজনার ঘটনা সামনে এসেছে।

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-র বিরুদ্ধে সহশিল্পী সামিয়া অথৈকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে একটি নাটকের শুটিং চলাকালে।


নির্মাতা রাফাত মজুমদার রিংকু-র পরিচালনায় নির্মাণাধীন ওই নাটকে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, মোমেনা ও মীর রাব্বী।
অভিযোগ অনুযায়ী, একটি দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা ইচ্ছাকৃতভাবে তাকে খামচি ও চড় মারেন, এতে তার হাতে আঘাত লাগে।

অথৈর দাবি, প্রথমে বিষয়টি তিনি এড়িয়ে যান। তবে পরদিন আরেকটি দৃশ্যে সংলাপ অনুযায়ী তাকে তিশাকে আলতোভাবে চড় মারার অভিনয় করতে হয়। অথৈর ভাষ্য, তিনি খুব নিয়ন্ত্রিতভাবে শটটি দিলেও ক্যামেরা চলাকালীন তিশা ক্ষুব্ধ হয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তার চোখে ও কানে আঘাত লাগে বলে অভিযোগ করেন তিনি।


অথৈ আরও দাবি করেন, অতীতে একটি কাজের সূত্র ধরে তিশার সঙ্গে তার মনোমালিন্য ছিল। সে প্রসঙ্গ টেনে তিনি জানান, আগে ফোনে কিছু অপ্রীতিকর কথাবার্তাও হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাটি সেই পুরোনো বিরোধের জের কিনা— সে প্রশ্নও তুলেছেন তিনি।


ঘটনার সময় সেটে উপস্থিত ছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। পুরো বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, দৃশ্যের প্রয়োজনেই শটটি নেওয়া হয়েছিল এবং ইচ্ছাকৃত আঘাতের বিষয়টি তিনি সমর্থন করেন না। তার দাবি, বিষয়টি ভুল বোঝাবুঝি থেকেও বড় হয়ে থাকতে পারে।


অন্যদিকে অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তানজিন তিশার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে অভিনয়শিল্পী মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরো ঘটনাকে অভিযোগ হিসেবেই দেখা উচিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর