ছোটপর্দার অভিনেতা যাহের আলভী–এর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা–র আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আত্মহত্যার প্ররোচনার এই মামলায় প্রধান আসামি করা হয়েছে স্বামী যাহের আলভী এবং তার কথিত প্রেমিকা ও সহ-অভিনেত্রী তিথি।
মামলাটি শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টায় পল্লবী থানায় রুজু হয়। ঘটনার পর ইকরার পরিবারের সদস্যরা ঢাকায় এসে দ্রুত ব্যবস্থা নেন। রাতেই ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান নিশ্চিত করেছেন, মামলায় শুধুমাত্র আলভী ও তিথিই নয়, তার পরিবারের আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অভিনেতার মাকেও আসামি করা হয়েছে।
ইকরার স্বজনরা আগে থেকেই পারিবারিক কলহ, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ তুলে আলভীর পরিবারের বিচার দাবি করে আসছিলেন। এখন বিষয়টি আইনি প্রক্রিয়ায় প্রবেশ করেছে। ওসি জানান, তদন্ত শেষে যদি আত্মহত্যার প্ররোচনার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তবে আসামিদের সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে।
১৫ বছরের দাম্পত্য জীবনের এমন মর্মান্তিক পরিণতি এবং মামলা দায়েরের খবরে বিনোদন অঙ্গনসহ সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলার তদন্ত এবং আসামিদের আইনি কাঠামোর আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে।
এসআর
মন্তব্য করুন: