ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত ইকরার বাবা দাবি করেছেন, এটি স্বাভাবিক আত্মহত্যা নয়; বরং তার মেয়েকে মানসিকভাবে চাপে ফেলে এমন পরিণতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি আলভী ও তার মায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
শোকাহত এই বাবা বলেন, সংসার টিকিয়ে রাখার জন্য তার মেয়ে কখনো পারিবারিক অশান্তির কথা খোলাখুলি জানাননি। তার ভাষ্য, তিনি আগে বিষয়টির গভীরতা বুঝতে পারেননি। এখন তিনি মনে করছেন, মেয়ের ওপর দীর্ঘদিন মানসিক চাপ ছিল। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মেয়ের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
ইকরার শিক্ষাজীবন নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তার মেয়ে অত্যন্ত মেধাবী ছিলেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। সে সময় তিনি এই বিয়েতে সম্মত ছিলেন না বলেও দাবি করেন। পরে পরিস্থিতির চাপে মেয়ের সিদ্ধান্ত মেনে নেন বলে জানান তিনি।
ইকরার বাবার অভিযোগ, অল্প বয়সে পড়াশোনা চলাকালীনই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে আপত্তি থাকলেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বিষয়টি মেনে নেন পরিবার। তবে তিনি দাবি করেন, বিয়ের পর থেকে ইকরা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, ওই পোস্ট ইকরাকে মানসিকভাবে আরও আঘাত করে থাকতে পারে। যদিও এ বিষয়ে আলভীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুরো ঘটনায় এখনো আনুষ্ঠানিক তদন্তের ফল প্রকাশ হয়নি। ইকরার পরিবারের দাবি, ঘটনার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করে প্রকৃত কারণ উদঘাটন করা হোক। সন্তানের মৃত্যুর ন্যায়বিচার চান বলে জানিয়েছেন তার স্বজনরা।
এসআর
মন্তব্য করুন: