বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ বহু তারকার সঙ্গে কাজ করলেও এখনো পর্যন্ত শাহরুখ খান-এর সঙ্গে কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমায় যুক্ত হননি।
তবে ভবিষ্যতে ‘কিং খান’-এর সঙ্গে কাজ করার প্রবল ইচ্ছার কথা জানিয়েছেন এই পরিচালক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজকে প্রশ্ন করা হয়, শাহরুখ কি কখনো তার নির্মিত সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবেন? জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এমনটি হওয়া সময়ের ব্যাপার মাত্র। তিনি জানান, বছরে কয়েকবার বিভিন্ন গল্প ও চিত্রনাট্য নিয়ে শাহরুখের সঙ্গে তার আলোচনা হয় এবং অভিনেতা সবসময়ই ইতিবাচক সাড়া দেন।
পরিচালকের ভাষ্য, শাহরুখ অত্যন্ত আন্তরিক ও ভদ্র মানুষ। দর্শকদের কাছে তিনি এখনো দেশের অন্যতম বড় তারকা। ‘ও রোমিও’ নির্মাণের সময়ও তিনি শাহরুখকে একটি গল্প পাঠিয়েছিলেন বলে জানান বিশাল।
সেই প্রসঙ্গে তিনি বলেন, দুজনেরই ইচ্ছা—একটি উপযুক্ত গল্প পেলে একসঙ্গে কাজ করবেন। সবকিছু ঠিকঠাক হলে শিগগিরই সেই সহযোগিতা বাস্তব রূপ পেতে পারে।
উল্লেখ্য, বিশাল ভরদ্বাজের সর্বশেষ সিনেমা ও রোমিও গত ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন শহীদ কাপুর, তৃপ্তি দিমরি, নানা পাটেকার, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া ও অবিনাশ তিওয়ারি। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ইতিবাচক সাড়া পেয়েছে।
অন্যদিকে শাহরুখ খানের নতুন সিনেমা কিং পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত ও আরশাদ ওয়ার্সি।
ভক্তদের প্রত্যাশা, ‘কিং’ ছবিতে অ্যাকশনধর্মী চরিত্রে নতুনভাবে দেখা যাবে শাহরুখকে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন তার মেয়ে সুহানা খানও।
এসআর
মন্তব্য করুন: