সংগীতশিল্পী পার্থ প্রতীম রায় ধারাবাহিক নতুন প্রকাশনার অংশ হিসেবে উপহার দিলেন আরও একটি গান— ‘ভালোবাসি বলতে চাই’।
ভালোবাসা দিবস উপলক্ষে গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল PPR MUSIC-এ। শিল্পী জানিয়েছেন, শিগগিরই তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ Partha Protim Roy-এও গানটি উন্মুক্ত করা হবে।
গানটির কথা, সুর ও কণ্ঠ—তিনটিই দিয়েছেন শিল্পী নিজে। পেশায় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও গবেষক হলেও সংগীতচর্চার প্রতি তাঁর গভীর অনুরাগের প্রতিফলন এই সৃষ্টিতে স্পষ্ট। প্রেম, প্রতীক্ষা ও মনের না-বলা কথার আবহে নির্মিত গানটি বসন্তের আবেগঘন পরিবেশকে সামনে রেখেই প্রকাশ পেয়েছে।
নিজের নতুন কাজ প্রসঙ্গে পার্থ প্রতীম রায় বলেন, এটি তাঁর ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ। কর্মব্যস্ত জীবনের ফাঁকেও ভালোবাসার সরল ও গভীর অনুভবকে সুরে বেঁধে শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। তাঁর আশা, প্রেম ও স্বপ্নে বিশ্বাসী মানুষের হৃদয়ে গানটি আলাদা একটি জায়গা করে নেবে।
গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার সম্পন্ন করেছেন রূপন চৌধুরী। ভিডিও পরিচালনায় ছিলেন সি. এফ. জামান। অভিনয়ে অংশ নিয়েছেন মামুন খান, সুষ্মিতা এবং শিল্পী নিজেও। অভিনয়ের ক্ষেত্রে এটি পার্থ প্রতীম রায়ের প্রথম উপস্থিতি।
ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে সাড়া জাগিয়েছে বলে জানা গেছে। শিল্পীর প্রত্যাশা, বসন্তের আবহে ভালোবাসার অনুভূতি নতুনভাবে প্রকাশের অনুপ্রেরণা জোগাবে এই গান।
এসআর
মন্তব্য করুন: