ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাহনূর গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন।
সম্প্রতি তার অগ্ন্যাশয়ে (প্যানক্রিয়াস) টিউমার শনাক্ত হয়েছে বলে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, না হলে শারীরিক জটিলতা বাড়তে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত শাহনূর জানান,নিউইয়র্কের Mount Sinai Hospital-এ তার চিকিৎসা সম্পন্ন হবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর শিগগিরই অস্ত্রোপচার হতে পারে বলেও জানান তিনি। এই কঠিন সময়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া কামনা করেছেন অভিনেত্রী।
শারীরিক অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় শাহনূর লেখেন, জীবনে অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে যেন তাকে ক্ষমা করা হয়। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে নিজের চেয়ে অন্যের কল্যাণকেই প্রাধান্য দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। অসহায় মানুষ, পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, বিলাসী জীবনযাপনের চেয়ে মানুষের দোয়া অর্জনকেই বেশি গুরুত্ব দিয়েছেন সবসময়। বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের প্রতিও তার আলাদা মমত্ববোধ রয়েছে বলে জানান।
বার্তার শেষাংশে শাহনূর সবার কাছে নিজের জন্য দোয়া চেয়ে বলেন, জীবিত কিংবা মৃত্যুর পরও যেন মানুষ তাকে মনে রাখে এবং নামাজের সময় তার জন্য প্রার্থনা করে।
একসময় বাংলা চলচ্চিত্রে একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন শাহনূর। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে হাজার বছর ধরে, যেখানে তিনি চিত্রনায়ক রিয়াজ-এর বিপরীতে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন সুচন্দা। এছাড়া তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল জিদ্দি সন্তান, যা ২০০০ সালে প্রেক্ষাগৃহে আসে।
বর্তমানে তার সুস্থতা কামনায় ভক্ত-সহকর্মীদের মাঝে উদ্বেগ ও প্রার্থনার আবহ তৈরি হয়েছে।
এসআর
মন্তব্য করুন: