দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জনের মধ্যেই রাজধানীর একটি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভিন্নধর্মী প্রশংসা করলেন চিত্রনায়িকা শবনম বুবলী।
তার ভাষায়, দেশের চলচ্চিত্র অঙ্গনে শাকিব খান একজন অভিভাবকের ভূমিকা পালন করছেন।
শাকিব খানের অবদান তুলে ধরে বুবলী বলেন, দীর্ঘ সময় ধরে তিনি একাই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন।
তার মতে, বাংলাদেশের চলচ্চিত্র জগৎ যদি একটি শিক্ষাপ্রতিষ্ঠান হতো, তাহলে শাকিব খান হতেন সেই প্রতিষ্ঠানের প্রধান। তিনি আরও জানান, শাকিব শুধু একজন তারকা নন, বরং ইন্ডাস্ট্রির ‘প্রিন্স’। একই সঙ্গে শাকিব খানের আসন্ন সিনেমা ‘প্রিন্স’ দর্শকমহলে ভালো সাড়া ফেলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভবিষ্যতে দুজনকে আবার একসঙ্গে পর্দায় দেখা যেতে পারে—এমন ইঙ্গিতও দেন বুবলী।
ব্যক্তিগত জীবন ও নতুন করে মা হওয়ার আলোচনায় সরাসরি কোনো মন্তব্য না করে বুবলী জানান, উপযুক্ত সময় এলে তিনি নিজেই বিষয়টি পরিষ্কার করবেন। ভালোবাসা দিবস প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি জানিয়ে বলেন, ভালোবাসা মানে কেবল উপহার নয়—বরং সম্মান, বিশ্বাস, আস্থা, ত্যাগ ও সমঝোতা। শাকিব খানের কাছ থেকে পাওয়া সবচেয়ে মূল্যবান বিষয় হিসেবে তিনি অর্থ বা গয়নার বদলে সম্পর্ক, পরিবার এবং একসঙ্গে কাটানো স্মৃতির কথাই উল্লেখ করেন।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি কোনো নির্দিষ্ট মন্তব্য না করলেও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যে সরকারই দায়িত্বে আসুক না কেন, শিল্পীরা যেন নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন এবং বিনোদন অঙ্গনে নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য না থাকে।
এসআর
মন্তব্য করুন: