ছোট পর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান একসময় নিয়মিত নাটকে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তার উপস্থিতি তুলনামূলকভাবে কম।
বর্তমানে তিনি সিনেমা ও ওটিটি কনটেন্টে বেশি মনোযোগ দিচ্ছেন। তবে নাটক থেকে পুরোপুরি সরে যাননি এই অভিনেত্রী। বরং গল্প ও চরিত্র বেছে নিয়ে কাজ করছেন। আসন্ন ঈদ উপলক্ষে ইতোমধ্যে তিনি তিনটি নাটকের শুটিং শেষ করেছেন। পাশাপাশি যুক্ত হয়েছেন নতুন একটি চলচ্চিত্রেও।
নাটকে কাজ কমানোর বিষয়ে সাদিয়া আয়মান বলেন, সিনেমা ও ওয়েব সিরিজের ব্যস্ততার কারণেই ছোট পর্দায় তাকে কম দেখা যাচ্ছে। তিনি জানান, গত বছর ‘উৎসব’ ও ‘বোহেমিয়ান ঘোড়া’ সিনেমায় অভিনয়ের কারণে কোনো নাটকে কাজ করা সম্ভব হয়নি। তবে দর্শকদের কথা ভেবে এখন নির্বাচিত কিছু নাটকে কাজ করছেন।
তার ভাষ্য অনুযায়ী, তিনি সাধারণত পারিবারিক গল্পনির্ভর নাটক পছন্দ করেন। কিন্তু বর্তমানে এ ধরনের চিত্রনাট্য খুব বেশি পাওয়া যাচ্ছে না। দর্শকরা যেহেতু ইউটিউবে বিনামূল্যে তার কাজ দেখেন, তাই মানসম্মত কাজ উপহার দিতে না পারলে দর্শকের মনে জায়গা করে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
নতুন সিনেমা প্রসঙ্গে সাদিয়া আয়মান জানান, অডিশনের মাধ্যমে সম্প্রতি একটি চলচ্চিত্রে তাকে নির্বাচন করা হয়েছে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ অনেকটাই এগিয়েছে। তবে আপাতত এর বেশি বিস্তারিত জানাতে চাননি তিনি।
এ অভিনেত্রী আরও বলেন, গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার পর তার কাছে একাধিক কাজের প্রস্তাব এলেও সবগুলো গ্রহণ করেননি। তার মতে, নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ—যে মাধ্যমই হোক না কেন, চরিত্রটি যদি নিজের মতো করে তুলে ধরার সুযোগ না থাকে, তাহলে সেই কাজে তিনি যুক্ত হতে চান না।
এসআর
মন্তব্য করুন: