[email protected] মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

রটারডামে আলো ছড়াচ্ছে বাংলাদেশি সিনেমা ‘রইদ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪:০৩ পিএম

সংগৃহীত ছবি

ইউরোপের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব রটারডামে এবার বিশেষভাবে নজর কেড়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক এই উৎসবে একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমার প্রদর্শন দেশের চলচ্চিত্র অঙ্গনে তৈরি করেছে নতুন গর্বের উপলক্ষ। ২৯ জানুয়ারি শুরু হওয়া উৎসবটি চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভিন্ন তিনটি বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিন ছবি—‘রইদ’, ‘মাস্টার’ ও ‘দেলুপি’। আন্তর্জাতিক কোনো বড় উৎসবে একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমার নির্বাচিত হওয়া দেশের চলচ্চিত্র ইতিহাসে বিরল ও গুরুত্বপূর্ণ ঘটনা।

উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ টাইগার কম্পিটিশন বিভাগে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। ছবিটির প্রিমিয়ার উপলক্ষে পরিচালক ও অভিনয়শিল্পীদের নিয়ে পুরো টিম বর্তমানে রটারডামে অবস্থান করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তুষি জানান, শীতল রটারডামের শহরে ‘রইদ’-এর প্রদর্শন তার কাছে বিশেষ এক অভিজ্ঞতা।

অন্যদিকে, বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হচ্ছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। সিনেমাটির সঙ্গে উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। উৎসবের নানা মুহূর্ত ও অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করছেন, যেখানে তার সঙ্গে দেখা গেছে নির্মাতা ও সহশিল্পীদেরও।

এ ছাড়া, নতুন ধারার স্বাধীন চলচ্চিত্রের জন্য পরিচিত ব্রাইট ফিউচার বিভাগে নির্বাচিত হয়েছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত সিনেমা ‘দেলুপি’। এই বিভাগে ছবিটির জায়গা করে নেওয়াকে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বাধীন সিনেমার সম্ভাবনার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বখ্যাত এই উৎসবে একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমার উপস্থিতি দেশের চলচ্চিত্র শিল্পের অগ্রযাত্রারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, স্থানীয় গল্প ও নির্মাণশৈলী এখন আন্তর্জাতিক দর্শকের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠছে, যা ভবিষ্যতে নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর