প্রায় এক দশকের অভিনয়জীবনে ঢাকাই সিনেমায় নিজের অবস্থান শক্ত করেছেন অভিনেতা সিয়াম আহমেদ।
সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জংলি’ দিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি শুটিং করছেন নতুন সিনেমা ‘রাক্ষস’-এর, যা পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়।
এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। শুটিংয়ের কাজে এখন দুজনই অবস্থান করছেন শ্রীলঙ্কায়। একই সময়ে শাকিব খানও তার নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিংয়ে শ্রীলঙ্কায় রয়েছেন। ঈদে দুই তারকার সিনেমাই মুক্তি পাওয়ার কথা থাকায় দর্শকদের মধ্যে তুলনা ও আলোচনা শুরু হয়েছে।
তবে শাকিব খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নিজেকে খুব বাস্তব জায়গায় রেখেছেন সিয়াম। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে ঢাকাই সিনেমার ভার কাঁধে নিয়ে চলেছেন শাকিব খান। তার সমকক্ষ হওয়া সহজ নয় এবং সেই চেষ্টাও তিনি করেন না।
সিয়ামের ভাষ্য, ঈদ মানেই সিনেমার বড় উৎসব, যেখানে সবার সেরা কাজগুলো দর্শকের সামনে আসে। শাকিব খানের মতো একজন তারকার সঙ্গে একই সময়ে নিজের সিনেমা মুক্তি পাওয়াটাই তার কাছে আনন্দের। দুজনের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই বলেও জানান তিনি।
নিজের কাজ নিয়ে সবসময় সচেতন এই অভিনেতা বলেন, তিনি অন্য কারও সঙ্গে নয়, মূলত নিজের সঙ্গেই প্রতিযোগিতা করেন—আগের কাজের চেয়ে নতুন সিনেমায় নিজেকে কতটা এগিয়ে নিতে পারলেন, সেটাই তার ভাবনার বিষয়। একই সঙ্গে শাকিব খানকে অনুসরণ করেন বলেও উল্লেখ করেন সিয়াম।
অন্যদিকে, সম্প্রতি সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সিয়ামের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা গুঞ্জন তৈরি হয়। তবে সিয়াম জানান, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভালো বোঝাপড়া ছাড়া একসঙ্গে কাজ করা সম্ভব নয়।
এসআর
মন্তব্য করুন: