ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে নিয়ে পরিচালক রায়হান রাফী নির্মিত সিনেমা ‘তুফান’ ২০২4 সালে মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সিনেমাটি দর্শক মহলে প্রশংসাও কুড়ায়। এর পরের বছর রাফীর নির্মিত ‘তাণ্ডব’ ছবিটিও আলোচনায় আসে।
‘তুফান’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে এর সিকুয়েল দেখার আগ্রহ তৈরি হয়। প্রায় দুই বছর ধরে ‘তুফান ২’ নিয়ে মাঝেমধ্যেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি একটি পডকাস্টে রায়হান রাফী দাবি করেন, ২০২৭ সালে ‘তুফান ২’ মুক্তি পাবে এবং চলতি বছরই শুটিং শুরু হওয়ার কথা।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাস্তবতা ভিন্ন। শাকিব খান ও রায়হান রাফীর মধ্যে ‘তুফান ২’ নিয়ে এখনো কোনো চূড়ান্ত বা কার্যকর আলোচনা হয়নি। শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরিচালকের এ বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই।
সূত্র অনুযায়ী, ‘তুফান’-এর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে শাকিব খানের অন্যান্য সিনেমা নিয়ে আলোচনা চললেও সেই পরিকল্পনায় রায়হান রাফীর নাম নেই। এমনকি ২০২৬ ও ২০২৭ সালের জন্য শাকিব খানের নির্ধারিত শিডিউলেও রাফীকে সময় দেওয়ার বিষয়টি নেই বলে জানা গেছে।
এদিকে বাংলাদেশের কয়েকজন ভিন্নধারার নির্মাতার সঙ্গে নতুন সিনেমা নিয়ে শাকিব খানের কথাবার্তা এগোলেও সেসব প্রকল্পের তালিকায়ও রায়হান রাফী নেই। ফলে আপাতত ‘তুফান ২’ নির্মাণের সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে শাকিব খান দর্শকদের সামনে নতুন এক রূপে হাজির হন। ছবিটি সাম্প্রতিক বছরগুলোর অন্যতম জনপ্রিয় ও আলোচিত সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
ইন্ডাস্ট্রি সূত্র বলছে, ভবিষ্যতে আরও কয়েকজন নতুন নির্মাতার সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে শাকিব খানের। তারা ভিন্ন গল্প ও উপস্থাপনায় এই তারকাকে পর্দায় আনতে প্রি-প্রডাকশনের কাজ শুরু করেছেন। তবে সেই সম্ভাব্য তালিকাতেও আপাতত রায়হান রাফীর নাম নেই।
এসআর
মন্তব্য করুন: