[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয় একাডেমিক শাটডাউন ঘোষণা

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ১০:১৬ পিএম

সংগৃহীত ছবি

অধ্যাপক পদে ২৪ জন শিক্ষককে পদোন্নতির দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ।

দাবি পূরণ না হলে পরশু দিন থেকে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউন পালন করা হবে বলে জানিয়েছে তারা।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ১০২ জন শিক্ষকের স্বাক্ষরযুক্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে আগামীকাল প্রতীকী কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।

এরপরও সংশ্লিষ্ট সমস্যার সমাধান না হলে পরদিন থেকে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে। পাশাপাশি প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা তাদের দায়িত্ব থেকেও সরে দাঁড়াবেন।


শিক্ষকরা বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়েও একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, ডিগ্রি প্রদান এবং পদোন্নতির কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

তবে সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক নির্দেশনায় চ্যান্সেলরের অনুমোদন ছাড়া এসব কার্যক্রম বৈধ হবে না বলে উল্লেখ করা হয়েছে।


এ নির্দেশনার ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম এবং পদোন্নতি প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে বলে দাবি শিক্ষক নেতাদের। তাদের আশঙ্কা, চ্যান্সেলরের অনুমোদিত বিধি না থাকলে ভবিষ্যতে পাঠদান, পরীক্ষা ও ডিগ্রি প্রদানের ক্ষেত্রেও আইনি জটিলতা তৈরি হতে পারে।


এদিকে শিক্ষক সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগের বেশিরভাগেই পর্যাপ্ত শিক্ষক নেই।

কোথাও কোথাও মাত্র তিন থেকে চারজন শিক্ষক দিয়ে একাধিক ব্যাচের ক্লাস চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে ৫১টি শূন্যপদ পূরণ না হওয়ায় সংকট আরও তীব্র হয়েছে বলেও জানানো হয়।

এসআর

সম্পর্কিত খবর