[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

অনুমতি জটিলতায় বুটেক্স-বিইউএফটি প্রীতি ম্যাচ বন্ধ, শিক্ষার্থীদের অসন্তোষ

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি-এর মধ্যে নির্ধারিত একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুমতি সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে বিইউএফটির খেলোয়াড়রা জি.এম.এ.জি ওসমানী হল এলাকায় পৌঁছালে শুরুতে নিরাপত্তাজনিত কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে আয়োজকদের অনুরোধে তারা ভেতরে ঢুকে এবং খেলা শুরু হয়।


পরবর্তীতে বিষয়টি জানতে পেরে হল প্রশাসনের পক্ষ থেকে প্রভোস্ট ঘটনাস্থলে এসে অনুমতি ছাড়া আয়োজনের অভিযোগে ম্যাচটি বন্ধ করে দেন। একই সঙ্গে বহিরাগতদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

নিরাপত্তাকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে কয়েকজন শিক্ষার্থীকে ডেকে সতর্কও করা হয়।
অনুমতি নিয়ে জানা যায়, আয়োজক পক্ষ আগের রাতে মৌখিকভাবে বিষয়টি জানালেও তা নির্ধারিত নিয়মের মধ্যে না থাকায় অনুমোদন দেওয়া হয়নি। ম্যাচের দিনও পুনরায় অনুমতি চাওয়া হলেও তা মঞ্জুর হয়নি।


একাধিক শিক্ষার্থী জানান, অতিথি দলের উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে খেলা চালানোর চেষ্টা করা হয়েছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে সেটি আর সম্ভব হয়নি। অন্যদিকে, হল কর্তৃপক্ষের মতে, অনুমতি ছাড়া বহিরাগতদের প্রবেশ করানো ও মাঠ ব্যবহার করা শৃঙ্খলার পরিপন্থী।


এদিকে ঘটনার প্রতিবাদে ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থীরা সমাবেশের ঘোষণা দিয়েছেন।


সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে আন্তঃপ্রতিষ্ঠান খেলা আয়োজনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি। অন্যথায় ভবিষ্যতে বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হতে পারে।

এসআর

সম্পর্কিত খবর