বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষতা বাড়াতে নতুন একটি ডিজিটাল মিডিয়া ল্যাব চালু হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবন-১ এর চতুর্থ তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ল্যাবটির উদ্বোধন করা হয়।
বিভাগের আধুনিকায়নের অংশ হিসেবে স্থাপিত এই ল্যাবটি তৈরি হয়েছে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (MRDI)-এর সহযোগিতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলোম বলেন, শুধু মুখস্থভিত্তিক পড়াশোনার পরিবর্তে বাস্তবভিত্তিক শিক্ষার গুরুত্ব এখন বেশি। তিনি উল্লেখ করেন, এই ল্যাব শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং শেখার বিষয়গুলো দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে সাহায্য করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআরডিআই-এর পরিচালক হাসিবুল রহমান। তিনি বলেন, এই ল্যাব ক্লাসরুম ও বাস্তব নিউজরুমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করবে। বিশেষ করে ফ্যাক্ট-চেকিং দক্ষতা অর্জনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা বলেন, সাধারণত বিজ্ঞান বিভাগের জন্য ল্যাবের প্রয়োজনীয়তা বেশি আলোচিত হলেও অন্যান্য বিভাগের ক্ষেত্রেও এমন সুবিধা গুরুত্বপূর্ণ। গণযোগাযোগ বিভাগ এ ক্ষেত্রে পথপ্রদর্শক হিসেবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
নতুন ল্যাব চালুর ফলে শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসেই ভিডিও এডিটিং, নিউজ প্রেজেন্টেশনসহ মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন দিক হাতে-কলমে শিখতে পারবেন বলে জানান তারা।
উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়, যেখানে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
এসআর