দীর্ঘ ১৬ বছর বিরতির পর আজ (বুধবার) থেকে দেশব্যাপী শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা।
২০২৫ সালের স্থগিত এই পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম দিনে বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির গত ৫ মার্চ অনুষ্ঠিত সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর থেকে বিস্তারিত রুটিন প্রকাশ করা হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিনই পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং চলবে আড়াই ঘণ্টা।
তবে তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আলাদা সময়সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে।
সেখানে ১৭ এপ্রিল গণিত দিয়ে পরীক্ষা শুরু হয়ে পর্যায়ক্রমে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের মাধ্যমে পরীক্ষা শেষ হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, দেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে।
পরবর্তীতে ২০০৯ সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) চালু হওয়ায় এই পরীক্ষা বন্ধ হয়ে যায়। ২০২২ সালে পরীক্ষামূলকভাবে একবার আয়োজন করা হলেও পরে তা আর নিয়মিত হয় নি।
এসআর