নতুন স্বপ্ন, আশা ও উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস।
২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ উপলক্ষে রোববার (১২ এপ্রিল) সকাল থেকেই পুরো ক্যাম্পাসে ছিল উৎসবের আবহ।
সাজসজ্জা ও স্বাগত আয়োজনে ১৯টি বিভাগ পৃথকভাবে নবীনদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নতুন শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাফেটেরিয়া, গোলচত্বর, মুক্তমঞ্চ, কৃষ্ণচূড়া সড়কসহ বিভিন্ন স্থানে ছিল প্রাণচাঞ্চল্য। শিক্ষকদের দিকনির্দেশনামূলক বক্তব্য এবং সিনিয়রদের আন্তরিক অভ্যর্থনায় নবীনরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনায় আনন্দিত হয়ে ওঠে।
বিভিন্ন বিভাগে ফুল ও উপহার দিয়ে নবাগতদের বরণ করা হয়। এ সময় ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষকরা শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মরিয়ম জান্নাত তার অভিজ্ঞতা জানিয়ে বলেন, প্রথম দিনেই ক্যাম্পাসের পরিবেশ তাকে মুগ্ধ করেছে। সবুজে ঘেরা এই পরিবেশ এবং সিনিয়রদের বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।
নবীনদের উদ্দেশ্যে ছাত্র পরামর্শক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাস আরও সমৃদ্ধ হবে। তিনি শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, ওরিয়েন্টেশন কার্যক্রম শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি সূচনা, যা তাদের লক্ষ্য নির্ধারণে সহায়ক ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার পরামর্শ দেন।
তিনি আরও উল্লেখ করেন, পরিবারের ত্যাগ ও প্রত্যাশার কথা মনে রেখে শিক্ষার্থীদের সৎ ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারলেই তারা দেশ ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।
এসআর