ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল পরীক্ষার ফলাফল ব্যবস্থাপনা সংক্রান্ত সফটওয়্যার হস্তান্তর নিয়ে একটি চুক্তি সম্পন্ন হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলাম।
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং মেসার্স মিনিয়েচার এস এম প্রতিষ্ঠানের পক্ষে পরিচালক সাদিকুল ইসলাম স্বাক্ষর করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।
চুক্তির শর্ত অনুযায়ী, ফাজিল ও কামিল পরীক্ষার ফলাফল সম্পর্কিত সফটওয়্যারসহ প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, ফাজিল ও কামিল পরীক্ষা মূলত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে।
এসআর