[email protected] রবিবার, ১২ এপ্রিল ২০২৬
২৮ চৈত্র ১৪৩২

ইবির রিপোর্টার্স ইউনিটিতে নতুন নেতৃত্ব: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ৪:৩২ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (ইবিরিইউ)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠনে নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম।


শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে একই দিন ফল ঘোষণা করে নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।


১১ সদস্যের এই কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন, কোষাধ্যক্ষ সামিউল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী এবং সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম।


এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান, শিহাব উদ্দিন, মিনহাজুর রহমান মাহিম ও মোসাদ্দেক হোসেন।


নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। কমিশনার হিসেবে সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম দায়িত্ব পালন করেন। নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।


নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, সংগঠনের ঐক্য ধরে রেখে পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা সক্রিয় থাকবেন।


সভাপতি সাকিব আসলাম বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সবার আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন তারা।


বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও নতুন কমিটির প্রতি শুভকামনা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই নেতৃত্ব ক্যাম্পাস সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর