গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরীক্ষা কেন্দ্র ঘিরে ক্যাম্পাসের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বেচ্ছাসেবী দলের পক্ষ থেকে হেল্পডেস্ক স্থাপন করা হয়। এসব ডেস্ক থেকে আসনসংক্রান্ত তথ্য, দিকনির্দেশনা এবং ব্যক্তিগত মালামাল নিরাপদে রাখার সুবিধা দেওয়া হয়।
ঝালকাঠি থেকে আসা এক পরীক্ষার্থী জানান, মোবাইল ও মানিব্যাগ নিয়ে হলে প্রবেশ করা না গেলেও হেল্পডেস্কের কারণে সেগুলো নিরাপদে জমা রাখতে পেরেছেন। এতে তার মতো অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছেন।
অন্যদিকে পটুয়াখালীর গলাচিপা থেকে আসা আরেক শিক্ষার্থী বলেন, প্রথমবার ক্যাম্পাসে এসে পরীক্ষা কক্ষ খুঁজে পেতে সমস্যায় পড়লেও তথ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ায় দ্রুত হলে পৌঁছাতে পেরেছেন।
ছাত্রসংগঠনের নেতারা জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে তারা প্রতি বছরের মতো এবারও সহায়তা কার্যক্রম চালু রেখেছেন। মোবাইল, ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র রাখার ব্যবস্থা ছাড়াও অনেক ক্ষেত্রে দ্রুত হলে পৌঁছে দিতে বাইক সেবাও দেওয়া হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়।
এছাড়া অভিভাবকদের বসার ব্যবস্থা ও প্রয়োজনীয় তথ্য সহায়তাও নিশ্চিত করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভর্তি পরীক্ষা চলাকালীন এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন।
এসআর