[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দাবি, যা জানা গেল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৫:০৩ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২১ এপ্রিল।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ২১ এপ্রিল। পরীক্ষা ঘনিয়ে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে আলোচনা বাড়ছে।

বিশেষ করে টিকটকে ছড়িয়ে পড়া কিছু পোস্ট শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।


সম্প্রতি ‘Porishrom SSC School’ নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র দাবি করে চার পৃষ্ঠার একটি ছবি প্রকাশ করা হয়।

ছবিতে ‘এসএসসি ২০২৬ ইংরেজি ১ম পত্র’ লেখা থাকায় অনেকেই সেটিকে আসল প্রশ্নপত্র মনে করেন। পোস্টটি শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত প্রায় ৩৪ লাখের বেশি ভিউ পায়।


তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানায়, ভাইরাল হওয়া এই প্রশ্নপত্রটি আসল নয়। এটি মূলত উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার-এর একটি ফাইনাল মডেল টেস্টের প্রশ্ন।


শুধু এই পোস্টই নয়, একই অ্যাকাউন্ট থেকে আরও কয়েকটি ভিডিওতে প্রশ্ন ফাঁসের দাবি করা হয়েছে।

যাচাইয়ে দেখা যায়, সেসব প্রশ্নের বেশিরভাগই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আগের বছরের পরীক্ষার প্রশ্ন বা কোচিং সেন্টারের মডেল টেস্ট থেকে নেওয়া।


এদিকে চলতি বছর প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রশ্নপত্র প্রস্তুত থেকে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশেষ ফয়েল প্যাক ও নিরাপত্তা খামে প্রশ্নপত্র সংরক্ষণ করা হচ্ছে, যা একবার খোলার পর পুনরায় ব্যবহারযোগ্য নয়। পরীক্ষা শুরুর ১৫–২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে এসব খাম খোলা হবে।


শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রশ্ন ফাঁস রোধের পাশাপাশি নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।


তবে কঠোর নিয়মের প্রতিবাদে পঞ্চগড়ে কিছু শিক্ষার্থী মানববন্ধন করে মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। এ পরিস্থিতিতে টিকটকের বিভ্রান্তিকর পোস্টগুলো নতুন করে আলোচনায় এসেছে।

এসআর

সম্পর্কিত খবর