আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেছেন বর্ণিল রং উৎসব ‘রঙবাহার’।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সংগীত বিভাগের শিক্ষার্থীরা নিজেরাই হাতে লেখা রঙিন আমন্ত্রণপত্র তৈরি করে সিনিয়রদের দাওয়াত জানান, যা উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল রঙ খেলায় মেতে ওঠা, একে অপরকে মিষ্টিমুখ করানো এবং গান-নাচে ভরপুর প্রাণবন্ত পরিবেশ।
সংগীত বিভাগের শিক্ষার্থী রিয়া সরকার জানান, এই আয়োজন মূলত জুনিয়রদের উদ্যোগে প্রতি বছর হয়ে থাকে। নিজেদের অর্থায়নে তারা এই উৎসবের আয়োজন করে, যাতে সিনিয়রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
তিনি আরও বলেন, সংগীত বিভাগের শুরু থেকেই এই ‘রঙবাহার’ একটি নিজস্ব সংস্কৃতি হিসেবে চলে আসছে, যা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি জোরদার করে।
এসআর