নতুন শিক্ষাবর্ষ ২০২৫-২৬ উপলক্ষে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে র্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।
ক্যাম্পাসে যেকোনো ধরনের র্যাগিং, বুলিং বা হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্র পরামর্শক ও সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
প্রক্টর দপ্তর থেকে জানানো হয়, ধর্ম, বর্ণ বা সামাজিক পরিচয় নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক বা অনলাইন মাধ্যমে হয়রানিমূলক আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। র্যাগিং, বুলিং, বডিশেমিং কিংবা ইভটিজিংয়ের মতো কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম বলেন, অন্য কাউকে ‘শিক্ষা দেওয়া’ বা নিয়ন্ত্রণ করার অধিকার কোনো শিক্ষার্থীর নেই। এমন কোনো আচরণ যা অন্যকে অস্বস্তিতে ফেলে, সেটিই র্যাগিং হিসেবে বিবেচিত হবে এবং তা সহ্য করা হবে না।
তিনি আরও জানান, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ ও র্যাগিংমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
প্রক্টর ড. মো. আবদুল হাকিমও একই অবস্থান তুলে ধরে বলেন, র্যাগিং বা যেকোনো ধরনের মানসিক-শারীরিক হয়রানির ঘটনায় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে র্যাগিং প্রতিরোধে ধারাবাহিক উদ্যোগ হিসেবে গত ৩১ মার্চ বিভাগীয় প্রধান ও ডিনদের সঙ্গে, ৭ এপ্রিল ছাত্র উপদেষ্টাদের সঙ্গে এবং ৮ এপ্রিল বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসআর