জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দীর্ঘদিন ধরে বেদখলে থাকা সৈয়দ নজরুল ইসলাম হল ও আব্দুর রহমান হল পুনরুদ্ধারের দাবিতে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৩১ মার্চ) ব্যানারসহ একটি র্যালি নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা হল দুটির সামনে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছেন। তার দাবি, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে হলগুলো দখলে চলে যায়, ফলে অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে বাইরে মেসে থাকতে হচ্ছে, এমনকি অনেকের সেই সামর্থ্যও নেই। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে দখলদারদের হল ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, তারা ইতোমধ্যে একটি সময়সীমা নির্ধারণ করেছেন। এর মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এদিকে, বেদখলকৃত হলের সামনে অবস্থান নিয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ের একাধিক হল থাকলেও বিভিন্ন কারণে সেগুলো দখলে চলে গেছে। শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানে তারা কাজ শুরু করেছেন এবং দাবি পূরণে ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। সময়সীমা শেষ হলে আবারও কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: