সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমতি ছাড়া পরিচালিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টারের কার্যক্রম স্থগিত করতে নির্দেশ দিয়েছে ইউজিসি।
সোমবার (৩০ মার্চ) কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, অনুমোদন ছাড়া পরিচালিত এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আপাতত বন্ধ রাখতে হবে। পাশাপাশি বৈধতা পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ২৫ এপ্রিলের মধ্যে ইউজিসিতে আবেদন করার কথাও জানানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশে বেশ কিছু প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল কার্যক্রম পরিচালনা করছে, যা নিয়ে কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। ইতোমধ্যে এমন প্রতিষ্ঠানের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।
ইউজিসি জানায়, ২০১৪ সালের প্রণীত সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা বা স্টাডি সেন্টার পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই বিধি অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব প্রতিষ্ঠানের সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে কমিশন।
এসআর
মন্তব্য করুন: