আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (২৮ মার্চ) মাঠপর্যায়ের কর্মকর্তা ও
কেন্দ্রসচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এই নির্দেশনাগুলো আবশ্যিকভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি স্পষ্ট জানিয়েছে, এসব নির্দেশনা পালনে কোনো প্রকার গাফিলতি বা অবহেলার কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মাউশির নির্দেশনাসমূহ নিম্নরূপ:
১. প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষের ভেতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. অচল ক্যামেরাগুলো পরীক্ষার আগেই সচল করার ব্যবস্থা নিতে হবে।
৩. ধারণকৃত সব ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
৪. প্রতিটি কক্ষে এনালগ বা কাঁটাওয়ালা ঘড়ি টাঙানোর ব্যবস্থা করতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সহায়তায় কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন নিশ্চিত করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত অন্য কোনো শিক্ষক বা পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
৭. পরীক্ষার্থীদের কঠোর তল্লাশির মাধ্যমে প্রবেশ করাতে হবে; মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই নারী শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা করতে হবে।
৮. কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. কেন্দ্রে পর্যাপ্ত আলো-বাতাস ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
১০ ও ১১. শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি দেওয়া সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করতে হবে যাতে পরীক্ষা সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়।
সরকার এবারের পরীক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং প্রশ্নপত্র ফাঁস রোধসহ সব ধরনের অনিয়ম বন্ধে এই কঠোর পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: