রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) শ্রেণির জিএসটি গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কয়েকটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ ও ২ ছাড়াও ভোয়াল্ল্যা এবং মোনঘর কেন্দ্রে মোট ১ হাজার ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৪৪ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ৬৩৬ জন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৬৪ দশমিক ২৭ শতাংশ।
পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির, জিএসটি পরীক্ষার সমন্বয়ক ড. তৌহিদুল আলম, ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং প্রক্টর ড. মো. ফখরুদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য জানান, সার্বিকভাবে পরীক্ষা সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা সন্তোষজনক ছিল বলেও তিনি মন্তব্য করেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরীক্ষার্থীরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই অংশ নিতে পেরেছে।
তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা রাখা হয়। অভিভাবকদের জন্য বসার জায়গা এবং বিশুদ্ধ পানির ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছিল। এতে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য জেলা প্রশাসন, পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, পৌরসভা, পরিবহন ও হোটেল সংশ্লিষ্টদের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছের আওতাধীন ২০টি বিশ্ববিদ্যালয়ে একই দিনে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: