বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থার শীর্ষ বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া ১৪৪৭ হিজরি সনের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
বোর্ডের এক পরিপত্রে জানানো হয়, ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত স্থায়ী কমিটির সভায় চেয়ারম্যান মাহমুদুল হাসান ফল ঘোষণা করবেন। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্য ও পরীক্ষার সঙ্গে যুক্ত দায়িত্বশীলরা উপস্থিত থাকবেন।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফলাফল দেখতে পারবে। পাশাপাশি সংশ্লিষ্ট মাদ্রাসাভিত্তিক ফলাফলও অনলাইনে পাওয়া যাবে।
মাদ্রাসা পর্যায়ে যেভাবে ফল পাওয়া যাবে:
মাদ্রাসার প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা বোর্ড নির্ধারিত HEMS সফটওয়্যারে নিজ নিজ আইডি ব্যবহার করে লগইন করলে পুরো প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
বোর্ড প্রশাসনের জন্য:
বোর্ডের অ্যাডমিনরাও নিজস্ব আইডি ব্যবহার করে তাদের অধীনস্থ সব মাদ্রাসার ফলাফল একসঙ্গে দেখতে এবং প্রয়োজন অনুযায়ী প্রিন্ট করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা শুরু হয়। চলতি বছর ২৫৯টি কেন্দ্রে মোট ২৩ হাজার ৮৮১ জন পরীক্ষার্থী এতে অংশ নেয়, যার মধ্যে ১৫ হাজার ২৬৮ জন ছাত্র এবং ৮ হাজার ৬১৩ জন ছাত্রী ছিলেন।
এসআর
মন্তব্য করুন: