পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ে থাকা দেশি-বিদেশি সকল শিক্ষার্থী এই সুবিধা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান জানান, ঈদের দিন যারা বিভিন্ন কারণে আবাসিক হলে অবস্থান করবেন, তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এজন্য প্রতিটি হলে অবস্থানকারী শিক্ষার্থীর সংখ্যা সংগ্রহ করা হচ্ছে, যাতে পরিকল্পনা অনুযায়ী খাবারের ব্যবস্থা করা যায়।
বর্তমানে হাবিপ্রবিতে নেপাল, ভুটান, নাইজেরিয়া, সোমালিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের শতাধিক বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
তাদের অনেকেই ঈদের সময় দেশে যেতে না পারায় ক্যাম্পাসেই উৎসব উদযাপন করবেন। একইভাবে দেশের বিভিন্ন অঞ্চলের কিছু শিক্ষার্থীও হলেই ঈদ কাটাবেন।
প্রশাসন জানিয়েছে, এই আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত প্রবেশ বা বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: