কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের চারটি ব্যাচের মোট ৭২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
রোববার (১৫ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী এই ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তীর্ণদের মধ্যে কুবির ১০ম ব্যাচের ১০ জন, ১১তম ব্যাচের ৯ জন, ১২তম ব্যাচের ২৮ জন এবং ১৩তম ব্যাচের ২৫ জন শিক্ষার্থী রয়েছেন। সব মিলিয়ে মোট ৭২ জন শিক্ষার্থী এবার আইনজীবী হিসেবে তালিকাভুক্তির যোগ্যতা অর্জন করেছেন।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের ১৫ থেকে ৩০ নভেম্বর এবং ২০২৬ সালের ১৩ ও ১৪ মার্চ ঢাকার বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় অংশ নেওয়া নির্ধারিত রোলধারী প্রার্থীদের মধ্য থেকেই এই ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণরা এখন বাংলাদেশে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করার জন্য নিবন্ধনের যোগ্য হবেন।
আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সাদিয়া তাবাসসুম বলেন, বিভাগের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।
প্রতিবছরের মতো এবারও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় বিভাগ গর্বিত। তিনি আরও জানান, বিভাগের পাঁচজন শিক্ষার্থী বর্তমানে বিচার বিভাগীয় (জুডিসিয়ারি) পেশায় নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২০১৬ সালে একাডেমিক কার্যক্রম শুরু করে, যা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক নতুন বিভাগগুলোর একটি।
নতুন বিভাগ হওয়া সত্ত্বেও এ সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এসআর
মন্তব্য করুন: