জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ ও হুমকিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী। তিনি ‘Tuco The Ugly’ নামে একটি ফেসবুক পেজের কনটেন্ট নির্মাতা হিসেবেও পরিচিত।
অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ক্যাম্পাসের একটি দেয়াল গ্রাফিতিকে কেন্দ্র করে একটি ভিডিও প্রকাশ করেন রব্বানী।
ভিডিওটির মন্তব্যের ঘরে ইংরেজি বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মনিষা সরকার নিজের মতামত তুলে ধরে আপত্তি জানালে তাকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ভাষায় প্রতিক্রিয়া জানানো হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগে উল্লেখ করা হয়, মন্তব্যে ‘বিচ’, ‘ব্রেইন ফাকড’সহ বেশ কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়। এছাড়া কমেন্টের সম্পাদনা ইতিহাস ঘেঁটে দেখা গেছে, শুরুতে আরও আপত্তিকর ও ইঙ্গিতপূর্ণ বাক্য ব্যবহার করা হয়েছিল, যা পরে পরিবর্তন করা হয়। বিষয়টি প্রকাশ্যে এলে অনেক শিক্ষার্থী এটিকে নারীকে উদ্দেশ করে হুমকিমূলক মন্তব্য হিসেবে দেখছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, প্রকাশ্যে একজন নারী শিক্ষার্থীকে এ ধরনের মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয় এবং তা ক্যাম্পাসের সুস্থ পরিবেশের সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে ভুক্তভোগী শিক্ষার্থী বুধবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত গোলাম রাব্বনী বলেন, তিনি সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে চেনেন না।
একটি মন্তব্যের জবাব দিতে গিয়ে তার ব্যবহৃত ভাষা অনুপযুক্ত হয়েছে স্বীকার করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। তবে বিষয়টি সামাজিক মাধ্যমে যেভাবে ছড়ানো হচ্ছে, সেটিকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেেম রাশিদুল আলম জানান, অভিযোগপত্রটি প্রশাসনের কাছে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
পরবর্তী বৈঠকে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: