[email protected] বুধবার, ১১ মার্চ ২০২৬
২৭ ফাল্গুন ১৪৩২

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে লাগবে ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, পরিপত্র জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ১:৩৯ পিএম

এআই জেনারেটেড ছবি

বেসরকারি স্কুল ও কলেজের শীর্ষ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে এখন ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।


এর আগে এসব পদে নিয়োগের ক্ষেত্রে সাধারণত ১২ থেকে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন ছিল।

নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম অভিজ্ঞ শিক্ষকদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় অভিজ্ঞতার শর্ত বাড়ানো হয়েছে।


পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫-এর পরিশিষ্ট-ঘ (ক)-এর ১ নম্বর ক্রমিকের ৪ নম্বর কলামে (অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা) সংশোধন আনা হয়েছে।


সংশোধিত বিধান অনুযায়ী, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা কলেজের অধ্যক্ষ এবং ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে আবেদন করতে হলে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রভাষক, জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবে মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।


এছাড়া কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় প্রভাষক (সাধারণ), জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক (সাধারণ) পদে কর্মরতদের ক্ষেত্রেও একই অভিজ্ঞতার শর্ত প্রযোজ্য হবে।


পরিপত্রে আরও বলা হয়েছে, কোনো কর্মরত প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ পদে আবেদন করতে চাইলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ইনডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।


অন্যদিকে ইনডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আবেদন করতে হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।


শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, অভিজ্ঞতার শর্ত বাড়ানোর ফলে সম্ভাব্য আবেদনকারীদের একটি বড় অংশ বাদ পড়তে পারেন।

এ ক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের আবেদন ফি ফেরত দেওয়া কিংবা নতুন করে আবেদন গ্রহণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রয়োজনে শর্ত পূরণকারী প্রার্থীদের নিয়ে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হতে পারে।


এর আগে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগে অভিজ্ঞতার সময়সীমা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে সেই সিদ্ধান্ত অনুযায়ী পরিপত্র জারি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর