ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় মিল্লাতিয়ান এসোসিয়েশনের (ডুমা) উদ্যোগে ইফতার মাহফিল, নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আয়োজনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া তা’মীরুল মিল্লাতের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজকরা জানান, চলতি শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৭০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। এতে আবু হুজাইফা জাবেদকে সভাপতি এবং রিয়াজুল ইসলাম নাইমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এ সময় বিদায়ী কমিটির নেতারা নবনির্বাচিতদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত মিল্লাতিয়ান শিক্ষকবৃন্দ, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ও উস্তাদমণ্ডলী, মিল্লাত অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ছাত্রসংসদের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের অবস্থান তৈরি করছেন। এ ধরনের আয়োজন অগ্রজ ও নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার ক্ষেত্র তৈরি করে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: