ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।
এ কর্মসূচির আওতায় প্রায় ৩০ জন শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিআরসি’র সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সদস্য নাদির ইসলামের সঞ্চালনায় বিভিন্ন অতিথি ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম, সিআরসির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক স্কুল পরিচালক সাইফুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি, বর্তমান সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিআরসি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রতিবছরের মতো এবারও শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ‘থেকে একসঙ্গে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’—এই স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিআরসি প্রতিষ্ঠিত হয়।
এরপর থেকে সংগঠনটি ক্যাম্পাস ও আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা উপকরণ, শীতবস্ত্রসহ বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এসআর
মন্তব্য করুন: