জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সালের কার্যকরী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহ্ আলম এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাজিব রায়হান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাহিদ আক্তার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মাহ্ আলম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী।
অন্যদিকে সাধারণ সম্পাদক রাজিব রায়হান পরিবেশবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী।
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। পরে বেলা ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুশফিক রিজন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে এশিয়া পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলাম এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক পদে নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আতাউর রহমান নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারুক হোসাইন, জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রকিব হাসান প্রান্ত এবং দৈনিক শিক্ষাডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী ইসলাম।
নির্বাচন পরিচালনায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সাহাদাত হোসেন।
এসআর
মন্তব্য করুন: