[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

২০ দিনের ছুটি রাবিপ্রবিতে

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ ৫:৫৪ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর, শব-ই-কদর, জুমাতুল বিদা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং চলমান জ্বালানি তেল সংকটের প্রেক্ষাপটে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) টানা ২০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (৮ মার্চ) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদুল ফিতর, শব-ই-কদর ও জুমাতুল বিদা উপলক্ষে আগামী ১০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে।

একইসঙ্গে ১১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রশাসনিক দপ্তরসমূহও বন্ধ থাকবে।


এদিকে চলমান জ্বালানি তেল সংকটের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার (৯ মার্চ) থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা টানা ২০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে নিয়মিত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম আবার শুরু হবে।
ছুটির ঘোষণার পর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বাড়ি ফেরার প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

অনেককে ব্যাগপত্র নিয়ে নিজ নিজ গন্তব্যে রওনা দিতে দেখা যায়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার প্রত্যাশায় তাদের মধ্যে উৎসবের আবহও দেখা গেছে।


বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ১০ মার্চ চট্টগ্রাম পর্যন্ত বাসের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ছুটিকালীন সময়ে ক্যাম্পাসের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।


একইসঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদসহ অন্যান্য ধর্মীয় উৎসব আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উদযাপনের শুভকামনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর