বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে মেডিকেল কলেজগুলোতে ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
সোমবার (৯ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার থেকে দেশের সব মেডিকেল কলেজে পাঠদান ও পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। স্থগিত হওয়া এসব কার্যক্রম আসন্ন ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় শুরু করা হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। মূলত জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে একই কারণে রোববার (৮ মার্চ) দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাব গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলভাবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: