আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরাম।
রোববার (৮ মার্চ ২০২৬) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় নারী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে এক মিনিট নীরবতা পালন করেন।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও প্রতীকী চিত্র প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান।
প্ল্যাকার্ডে ‘নারী দিবসে নিরাপত্তা কোথায়’, ‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই’, ‘নারীর মর্যাদা রক্ষায় আপস নয়’, ‘শিশু যদি নিরাপদ না থাকে তবে কেমন সমাজ’, এবং ‘নিরাপদ বাংলাদেশ গড়তে ধর্ষকের বিচার চাই - এ ধরনের নানা স্লোগান ও বার্তা তুলে ধরা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহানা ইয়াসমিন বলেন, দেশে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে।
প্রযুক্তিগত উন্নয়ন ঘটলেও সমাজে নারীদের নিরাপত্তা এখনও নিশ্চিত হয়নি। তিনি বলেন, এ ধরনের অপরাধ কমাতে বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে এবং রাস্তাঘাট, কর্মক্ষেত্র ও ঘরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার কাছ থেকে শিক্ষা নিয়ে নারীদের আরও দৃঢ়ভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
জাতীয়তাবাদী শিক্ষার্থী ফোরামের প্রতিনিধি ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সালেক খান বলেন, আন্তর্জাতিক নারী দিবসে নারী ও মা জাতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
একই সঙ্গে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।
তিনি উল্লেখ করেন, অতীতে এসিড নিক্ষেপ প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের ফলে এ ধরনের অপরাধ কমেছিল।
তাই বর্তমান সময়েও নারী ও শিশু নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এসআর
মন্তব্য করুন: