শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব স্কুল ও কলেজে “বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম” বাস্তবায়নের নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) মাউশি ১০ দফা নির্দেশনা জারি করে এ সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলী জানিয়েছে।
মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত প্রশিক্ষণ ম্যানুয়াল অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নির্দেশনার মূল বিষয়বস্তুগুলো সংক্ষেপে:
১. প্রশিক্ষণের শিরোনাম: শিক্ষা প্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’।
২. কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী প্রশিক্ষকগণ স্কুল ও কলেজে এই কার্যক্রম বাস্তবায়ন করবেন।
৩. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে একদিনের প্রশিক্ষণ আয়োজন করবেন।
৪. প্রশিক্ষণ পরবর্তী দৈনিক অনুশীলন কার্যক্রমের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে মনিটরিং পুল গঠন করা হবে।
৫. প্রশিক্ষণ ও গাইডলাইন অনুযায়ী কাউন্সেলিং সেবা প্রদানসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
৬. মনিটরিং পুলের কার্যক্রম ম্যানুয়াল ও গাইডলাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
৭. প্রতি বছর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রয়োজন হলে ব্যাচ আকারে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
৮. অভিভাবককে কার্যক্রম সম্পর্কে অবহিত করার ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে।
৯. প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা/থানা/উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতায় কার্যক্রম বাস্তবায়ন করবেন।
১০. প্রয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সমন্বয়কারী সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
মাউশি জানিয়েছে, এই প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যসম্মত জীবনধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসআর
মন্তব্য করুন: