[email protected] শনিবার, ৭ মার্চ ২০২৬
২৩ ফাল্গুন ১৪৩২

ইবি শিক্ষিকা হত্যা মামলার মূল অভিযুক্ত ফজলু আটক

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৬ মার্চ ২০২৬ ৭:৫৭ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাবেক কর্মচারী ফজলুর রহমানকে আটক করেছে পুলিশ।

বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ফজলুর রহমানকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন এবং তাকে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পুলিশের কাছে লিখিত বক্তব্য দিয়েছেন বলে জানা গেছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত।


তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যা মামলা দায়েরের পর নিয়ম অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, মামলার দুই আসামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে বৃহস্পতিবার সকালে নিহত শিক্ষিকা আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ফজলুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।


মামলার অন্য তিন অভিযুক্ত হলেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মচারী ও উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর