দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে
আধুনিক এবং বাজারমুখী করার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৪ মার্চ) সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার এবং শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা অপরিহার্য। তিনি উল্লেখ করেন যে:
কারিগরি শিক্ষার বর্তমান সূচক ও কেপিআই (KPI) পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।
কারিকুলাম ও সিলেবাস আধুনিকায়নের মাধ্যমে বাজারের চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে বিদ্যমান দুর্বলতাগুলো দ্রুত দূর করার নির্দেশ দেন তিনি।
মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় না থেকে কর্মকর্তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের উন্নয়নে সৃজনশীল ও উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, প্রায় ১৮ কোটি জনগণের এই দেশকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে তা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রধান শক্তিতে পরিণত হবে।
বিশ্বের অনেক দেশে জনসংখ্যা হ্রাস পেলেও বাংলাদেশ জনশক্তির দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে বলে জানান ড. এহছানুল হক মিলন। তিনি পলিটেকনিক ও ভোকেশনাল প্রতিষ্ঠানগুলোতে অতিরিক্ত তাত্ত্বিক শিক্ষার পরিবর্তে ব্যবহারিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেন।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।
এসআর
মন্তব্য করুন: