ইসলামী বিশ্ববিদ্যালয়-এর (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ ফিলিস্তিনের গাজায় যুদ্ধের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যাকাত তহবিলের প্রথম ধাপের সহায়তা প্রদান করেছে।
সোমবার (২ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে গাজার তিনটি পরিবারের মাঝে মোট ৩০০ শেকেল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকার সমপরিমাণ, বিতরণ করা হয়।
এই অর্থ সংগঠনের যাকাত ফান্ড প্রকল্পের আওতায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব রায়হান কবির বলেন, এটি তাদের যাকাত কার্যক্রমের সূচনা মাত্র। ধাপে ধাপে আরও অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আহ্বায়ক আমির ফয়সাল জানান, ফিলিস্তিনের মানুষের সহায়তার জন্য আলাদা একটি তহবিল গঠন করা হয়েছে। এ তহবিলে সংগৃহীত অর্থ কেবল গাজাসহ ফিলিস্তিনি জনগণের কল্যাণেই ব্যয় করা হয়।
তিনি বলেন, খুব শিগগিরই প্রায় ৫৩০ মার্কিন ডলার বাজেটের একটি খাদ্য সহায়তা প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি চলছে।
সংগঠনের নেতারা জানান, মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সমাজের সচ্ছল ব্যক্তিদের ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ দীর্ঘদিন ধরে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: